পদ্মা সেতুতে নেই দীর্ঘ লাইন, স্বস্তিতে দক্ষিণবঙ্গের ঈদযাত্রা
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রার শেষ দিনে দক্ষিণবঙ্গের প্রবেশপথ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো যানজট বা ভোগান্তি নেই। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই এই পথে স্বাভাবিক সময়ের মতো অত্যন্ত স্বাচ্ছন্দ্যে যানবাহন চলাচল করছে।
পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় গিয়ে দেখা যায়, বিগত বছরগুলোর তুলনায় এবার যানবাহনের দীর্ঘ লাইন নেই। দূরপাল্লার গণপরিবহণ ও মোটরসাইকেলের চাপও অনেক কম। যেসব যানবাহন শেষ মুহূর্তে দক্ষিণবঙ্গের দিকে ছুটছে, সেগুলো কোনো ধরনের অপেক্ষা ছাড়াই দ্রুত টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হতে পারছে।
পদ্মা সেতুর কল্যাণে গত কয়েক বছরের মতো এবারও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদযাত্রা হয়েছে বিড়ম্বনাহীন ও আনন্দদায়ক। যাত্রীরা জানিয়েছেন, রাস্তার কোথাও যানজট না থাকায় এবং টোলপ্লাজায় দ্রুত কাজ হওয়ায় তারা অত্যন্ত খুশি।
পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, শেষ দিনের যাত্রা নির্বিঘ্ন করতে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৭টি বুথে দূরপাল্লার গণপরিবহণ এবং ২টি অতিরিক্ত বুথসহ মোট ৩টি বুথে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে। এর ফলে কোনো পয়েন্টেই যানবাহন আটকে থাকছে না।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ