ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারী নিহত
রাজধানীর তুরাগের মেট্রো স্টেশন-সংলগ্ন এলাকায় অটোরিকশা থেকে এক নারীর ভ্যানিটি ব্যাগ ধরে এক ছিনতাইকারী টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের ওই নারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে মুক্তা আক্তারকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল থেকে নিহতের স্বামী লিমন হোসেন বলেন, আমার স্ত্রী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে ঈদের কেনাকাটা করে অটোরিকশায় চড়ে বাসায় ফিরছিল। পথে তুরাগের মেট্রোরেল-সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা আমার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে সে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান। ওখানে অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লিমন হোসেন আরও বলেন, আমাদের বাড়ি রাজশাহী জেলা গোদাগাড়ী থানা ফরহাদপুর গ্রামে। বর্তমানে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় ছিলাম আমরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্মা মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)