ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জেলা পরিষদের প্রশাসক পদের জন্য স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা শাহাদাৎ হোসেনকেই বেছে নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক তৎপরতা এবং নানা প্রতিকূলতার মাঝেও নেতাকর্মীদের পাশে থাকার পুরস্কার হিসেবে তিনি এই দায়িত্ব পেয়েছেন। বিশেষ করে ঝালকাঠির ৩২টি ইউনিয়ন, ৩০৬টি ওয়ার্ড ও ৬টি ইউনিটে সম্মেলন সম্পন্ন করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগের মাধ্যমে ত্যাগী নেতাদের মূল্যায়নের অঙ্গীকার করেছিলেন। এটি তারই বাস্তব প্রতিফলন। এই সম্মান ও দায়িত্ব দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কে এম সবুজ, ঝালকাঠি