পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুর, বৈঠক করছেন প্রতিমন্ত্রীর সঙ্গে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আজ বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পল কাপুর। দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় আসেন পল কাপুর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, পল কাপুর বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করছেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন।
সংশ্লিষ্ট বৈঠকগুলোতে রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক ইস্যু-বিশেষ করে, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বেল জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, পল কাপুর আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করবেন। আজ সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
সফরের শেষদিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

নিজস্ব প্রতিবেদক