খলিলুর রহমানকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, শোক প্রকাশ
ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাহরাইন সরকার। সোমবার (২ মার্চ) রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পুনরায় টেলিফোন করে এই দুঃখজনক খবর জানান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি।
বিষয়টি রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
টেলিফোনে আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাহরাইনের মহামান্য রাজা হামাদ বিন ইসা আল খলিফা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাঁর শোকবার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে সে দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাঁর সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সংকটে বাহরাইন সরকারের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। নিহত বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা ও অন্যান্য আইনি প্রক্রিয়ার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যজুড়ে যে পাল্টাপাল্টি হামলা চলছে, এর প্রভাবেই এই দুর্ঘটনাটি ঘটে। এর আগে আজ বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক