ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, সিলগালা ৭
মাদারীপুরের শিবচরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি ক্লিনিক সিলগালা করে বন্ধ করে দেওয়া হয় এবং পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে আর্থিক জরিমানা করা হয়।
আজ সোমবার (২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা মাহজাবিনকে সঙ্গে নিয়ে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকা, পরিবেশ নোংরা থাকা, প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারাসহ বিভিন্ন অপরাধে সাতটি ক্লিনিক সিলগালা করে দেন এবং পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এম. আর. মুর্তজা, মাদারীপুর