চৌহালীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সংসদ সদস্য আমিরুল
সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি জোতপাড়া নৌকা ঘাটের পাশের ভাঙন এলাকা ঘুরে দেখেন।
গতকাল ২৬ ফেব্রুয়ারি এনটিভি অনলাইনে এ নিয়ে একটি ভিডিও সংবাদ প্রকাশ হয়। যার শিরোনাম ছিল ‘চৌহালীতে যমুনায় ভাঙন, বালু সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ’। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম ঘটনাস্থলে গিয়ে বলেন, আমার নির্বাচনি ওয়াদা ছিল চৌহালীর নদী ভাঙন রোধ করা। চৌহালীকে ভাঙনের কবল থেকে রক্ষার জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে।
নদীপাড় ঘেঁষে বালুবাহী বাল্কহেড চলাচলের কারণে ভাঙন চলছে সাংবাদিকদের এমন প্রশ্নে সংসদ সদস্য আলিম বলেন, আগে জনগণের স্বার্থ দেখতে হবে। সরকার রাজস্ব না নিলে ক্ষতিগ্রস্ত হবে না, তবে জনগণের বাড়ি নদীতে বিলীন হলে জনতা ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসন পরিদর্শন করে ব্যবস্থা নেবে।
এ সময় চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা ও সাধারণ সম্পাদক কারি ময়নুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ভিপিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
যমুনা নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে বালুবাহী অসংখ্য বাল্কহেড নদীর পূর্ব তীর দিয়ে অব্যাহতভাবে চলাচল করছে। এতে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত তীর রক্ষা বাঁধসহ বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে প্রতিকার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্তরা।

রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)