ফের চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে পুনরায় চালু হলো ঢাকা–আগরতলা–কলকাতা রুটে সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে একটি বাস ছেড়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উদ্দেশে যাত্রা করে।
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে বাস সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ বিরতির পর দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে পরীক্ষামূলকভাবে পুনরায় যাত্রা শুরু হলো এ পরিষেবার। আপাতত সপ্তাহে দুদিন বাস চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে এ রুটে বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে চালক এবং স্টাফসহ ৯ জন যাত্রী নিয়ে বাসটি ইমিগ্রেশনে আসে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুরের দিকে বাসটি ভারতে প্রবেশ করে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে বাসটি ভারতে যায় এবং ২১ ফেব্রুয়ারি পুনরায় বাংলাদেশে ফিরে আসে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ, মৈত্রী ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। এটি কেবল যাতায়াতের মাধ্যম নয়; বরং দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ব্যবসা-বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে। পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)