কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র্যাব ডিজি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই। রাজধানীসহ সারাদেশে পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে ও নিরাপত্তার সব ব্যবস্থা সম্পূর্ণ রয়েছে।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের র্যাব মহাপরিচালক এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার কেন্দ্রিক নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আজ থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিশেষ করে ২১ ফেব্রুয়ারি উদযাপনের সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
র্যাব মহাপরিচালক জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। র্যাব সদস্যরা শহীদ মিনার এলাকায় ওয়াচ টাওয়ার, চেক পোস্ট ও পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করবেন।
একেএম শহিদুর রহমান বলেন, শহীদ মিনার এলাকার ভেতরের ও বাইরের পরিধি কঠোর ভিডিও নজরদারির আওতায় আনা হয়েছে। সিসিটিভি ও আইপি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষে পর্যবেক্ষণ হবে। এছাড়া বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াড নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। র্যাবের বিশেষ বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
র্যাব মহাপরিচালক বলেন, মহানগর, বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শহীদ মিনারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাব, সাদা পোশাকে কর্মকর্তা মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যদের প্রবেশ আটকাতেও সক্রিয়ভাবে কাজ করছে র্যাব। র্যাব সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করবে। নাগরিকদের শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান পালন করার আহ্বান জানান তিনি।
একেএম শহিদুর রহমান আরও বলেন, ‘কোনো সন্দেহজনক কার্যকলাপ বা বিশৃঙ্খলা দেখা দিলে নিকটতম টহল ইনচার্জ বা দায়িত্বশীল র্যাব ব্যাটালিয়ন কমান্ডারকে সঙ্গে সঙ্গে অবহিত করতে হবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত।’
