রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনায় ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিআইপি বহরের একটি গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় ওজিল কিংবা বিলাল এরদোয়ানসহ প্রতিনিধি দলের কেউ আহত হননি। তবে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে এবং এর চালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা না গেলেও তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় বহরের সামনে হঠাৎ একটি অটোরিকশা চলে এলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে দিনের কর্মসূচিতে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধিদল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মানবিক কার্যক্রম ঘুরে দেখেন। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে মেসুত ওজিলকে ফুটবল খেলতে দেখা যায়। পরে তিনি সেখানে একটি ইফতার কর্মসূচিতেও অংশ নেন।

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)