রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। তার সঙ্গে রয়েছে যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সোফি এডিনবার্গ ও তার সফরসঙ্গীরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সফরকালে যুক্তরাজ্যের রাজপরিবারের এই সদস্য প্রথমে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। এরপর তিনি আইওএম ও ইউনিসেফ পরিচালিত ‘উইমেন ফ্রেন্ডলি স্পেস’ এবং রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার ঘুরে দেখেন।
দুপুরে তিনি শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা নারী সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মানবেতর জীবনযাপন ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এছাড়া ২০ ও ৪ নম্বর শরণার্থী শিবিরে বিভিন্ন সংস্থার উন্নয়নমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে তার।
কমিশনার আরও বলেন, ডাচেস অব এডিনবার্গ বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি, শরণার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে গৃহীত নানা উদ্যোগও তিনি ঘুরে দেখবেন।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার