সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত
সিরাজগঞ্জ পৌর এলাকায় বাসচাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি রিকশায় ছিলেন।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি সড়কের পৌর এলাকার বিয়ারা ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ হলেন–আখি খাতুন (৩০)। তিনি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের এসআই বাস কাউন্টার থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি বিয়ারা ঘাট এলাকায় পৌঁছে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী গৃহবধূ আখি খাতুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ