কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সড়কে উল্টে গেলো ট্রাক, হেলপার নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের হেলপার মাসুদ রানা গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরেই আটকে পড়েন।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মী বোরহান শেখ জানান, স্থানীয়দের মারফত খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর গাড়ির ভেতর থেকে আটকেপড়া হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার ও জব্দ করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ