ভোটের মাঠ মনিটরিং করবে বিমানবাহিনীর মানুষবিহীন আকাশযান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মানুষবিহীন আকাশযান (ইউএভি) ভোটের মাঠ মনিটরিং করবে। এক্ষেত্রে দেশের আকাশসীমার মধ্যে সার্বক্ষণিক নজরদারি করবে এই যান।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এমন তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমান বাহিনী বদ্ধপরিকর। সারাদেশে মোট ৩৭৩০ জন বিমানবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।
বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে সারাদেশে হেলিকপ্টার, পরিবহণ বিমান ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য ISR রোল এ একাধিক UAV (Unmanned Aerial Vehicle) মোতায়েন করা হয়েছে। এই UAV আকাশ থেকে ভূমিতে অবস্থান পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী ভূমিতে অবস্থানকৃত আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ে পরিস্থিতি মোকাবিলায় দিকনির্দেশনা দিতে সক্ষম।
মোতায়েনকৃত UAV সমূহ বাংলাদেশের আকাশসীমা রক্ষার এক strategic asset, যা বর্তমানে মোতায়েন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে এক নির্দেশনায় ইতোমধ্যে বিমানবাহিনীকে আকাশ থেকে ভোটের মাঠের লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দপ্তরের দেখানোর জন্য বলেছে ইসি৷

নিজস্ব প্রতিবেদক