জামালপুরে জামায়াত প্রার্থীকে শোকজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করার অভিযোগে জামালপুর-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারকে শোকজ করা হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এই কারণ দর্শানোর নোটিশ জারি করে।
নোটিশ সূত্রে জানা গেছে, জামালপুর-৫ সংসদীয় আসনে জামায়াত প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের পক্ষে তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন করে প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণার এমন ভিডিও নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়। একজন প্রার্থী হিসেবে এই ধরনের কর্মকাণ্ড 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এই পরিপ্রেক্ষিতে, কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর শাস্তিমূলক সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, তা আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।
জামালপুর-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জামালপুর অর্থঋণ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইকবাল মাহমুদ এই নির্দেশ প্রদান করেন। এছাড়া কারণ দর্শানো নোটিশটি দ্রুত প্রার্থীর কাছে পৌঁছে দেওয়ার জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর