‘ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ফিরিয়ে আনা হবে’
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রাহমানির রাহীম বা সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস সংবিধানে স্থাপন করেছিলেন। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার এ বাক্যটি বাদ দিয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে সংবিধানের মূলনীতি হিসেবে এটি বাস্তবায়ন করা হবে।
জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন আগে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে এ ইশতেহার ঘোষণা করা হয়।
বিএনপির এবারের ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা খাত, জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের শাসনামলে পুঁজিবাজার কেলেঙ্কারির তদন্ত ও খতিব-ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানীসহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে। নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে এবং ‘জুলাই জাতীয় সনদ’ এর সমন্বয়ে ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক