১২ দিন পর যমুনায় ফের সার উৎপাদন শুরু
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় গ্যাস সংকট এবং যান্ত্রিক ত্রুটিতে ১২ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
কারখানার সুত্রে জানা গেছে, গ্যাস সংকটে দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত বছরের ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু হয় কারখানাটিতে। এদিকে গত ২২ জানুয়ারি রাতে হঠাৎ আবারো গ্যাস সংকট দেখা দিলে বুস্টার কম্প্রেসরে ত্রুটি দেখা দেয়। এরপর ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বুস্টার কম্প্রেসর মেরামত শেষে গতকাল মঙ্গলবার রাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার উপ প্রধান প্রকৌশলী ফজলুল হক জানান, যমুনায় ইউরিয়া উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস সংকোচনের বুস্টার কম্প্রেসর যন্ত্রে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ২২ জানুয়ারি থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ থাকে। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে মঙ্গলবার রাত থেকে যমুনায় পুরোপুরি ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতাসম্পন্ন দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা স্থাপন করা হয়। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলায় প্রায় আড়াই হাজার সার ডিলারের মাধ্যমে কৃষক পর্যায়ে সার সরবরাহ করা হয়। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৫ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়।

আসমাউল আসিফ, জামালপুর