বরিশালে তারেক রহমানের নির্বাচনি সমাবেশ আগামীকাল
বরিশালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সমাবেশে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি)। সমাবেশে জনসমাগমের অতীতের সব রেকর্ড ভাঙতে চায় বিএনপি। দীর্ঘ ২০ বছর পর চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন।
সকাল ১১টায় হেলিকপ্টারযোগে বরিশালে এসে পৌঁছাবেন তারেক রহমান। এরপর তিনি বেলস পার্কে সমাবেশে বক্তব্য দেবেন। ইতোমধ্যে সমাবেশ সফল করতে নানা ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি।
সমাবেশে যোগ দিতে বিভাগের ছয়টি জেলা ও উপজেলায় সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে নগরীতে শুভেচ্ছা শোভাযাত্রা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ। এর আগে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে দুপুর ১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপির নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, এবারের সমাবেশ হবে এক ঐতিহাসিক সমাবেশ। উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, দলীয় চেয়ারম্যানের আগমন সফলে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঞ্চ ও মাঠে প্রায় প্রস্তুত। রাতের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে।

আকতার ফারুক শাহিন, বরিশাল