রাজশাহীতে সমাবেশ মঞ্চে তারেক রহমান
২২ বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানের মঞ্চে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে তিনি জনসভার ঢুকে মঞ্চে ওঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। মঞ্চে তারেক রহমানের সঙ্গে আছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এ সময় নেতাকর্মীরা ‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম’সহ বিভিন্ন স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তুলেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মাদরাসা ময়দানে আসতে শুরু করেন।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার পরে তিনি রাজশাহী বিমানবন্দর পৌঁছান। এর আগে, আজ দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হন।
রাজশাহীর পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীও বিশাল মিছিল নিয়ে জনসভায় অংশ নিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে রাজশাহী বিভাগীয় বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থীরা।
সফরসূচি অনুযায়ী, আজ দুপুরে রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহ মাখদুম (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। বিকেলে তিনি সড়কপথে নওগাঁর কাজী মোড়ে এ`টিম মাঠ নির্বাচনি জনসভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে সাতটায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন এবং রাতে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তারেক রহমান জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে পীরগঞ্জে যাবেন। এরপর রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এক নির্বাচনি জনসভায় যোগ দেবেন। দ্বিতীয় দিনেও তিনি বগুড়াতে রাত্রিযাপন করবেন।
সফরের শেষ দিন শনিবার (৩১ জানুয়ারি) তিনি সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় এবং পরবর্তীতে টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চড়জানা বাইপাস সংলগ্ন এলাকায় আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ করবেন। সফর শেষে ওই দিন রাতেই তাঁর রাজধানীতে ফেরার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক