তারেক রহমানের পক্ষে প্রচারণায় উঠান বৈঠকে কোকোর স্ত্রী শামিলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনেও প্রচারণা চালিয়েছেন তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে স্থানীয়দের নিয়ে উঠান বৈঠক করেন শামিলা রহমান।
এ সময় বৈঠকে উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান শামিলা রহমান। এ সময়ে তিনি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।
পরে শামিলা রহমান বাড্ডার নতুন বাজার সংলগ্ন গীর্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলেন। তারেক রহমানের জন্য সবার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।
এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন শামিলা রহমান সিঁথি।

নিজস্ব প্রতিবেদক