শৈলকুপা রণক্ষেত্র, নারীসহ আহত ২০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সাধুখালী গ্রামে এই সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে একই গ্রামের নূর আলী ও বাদশার দীর্ঘদিন ধরে এক খণ্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে নূর আলী ও বাদশার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি দখলে নিতে গেলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো গ্রাম।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। কাউকে আটক করা হয়নি।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)