রাউজানে নলকূপের গভীর গর্তে শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস
চট্টগ্রামের রাউজান উপজেলায় বাড়ির পাশে নলকূপের গভীর গর্তে পড়ে গেছে মিসবাহ নামে (৫) এক শিশু। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।
দুর্ঘটনার শিকার শিশু মিসবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলার সময় বা অসাবধানতাবশত শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামসুল আলম জানান, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নলকূপের গর্তের আনুমানিক ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে। আমাদের উদ্ধারকারী দল সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, সন্ধ্যার একটু আগে এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কীভাবে শিশুটি গর্তে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)