শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুর রাজ্জাক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীপুর স্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে মনির হোসেন বলেন, আমরা রাজেন্দ্রপুরে থাকি। বাবা শ্রীপুর কীভাবে আসলেন তা বুঝতে পারছি না। গত কয়েকদিন ধরে তার আচরণ কিছুটা অস্বাভাবিক ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে বাবার মরদেহ শনাক্ত করি।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম জাহান জানান, দুপুর পৌনে ৩টার দিকে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন তিনি মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়েন। আবার কেউ দাবি করছেন তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখছে রেলওয়ে পুলিশ।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)