নির্বাচনি সহিংসতার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ
সারা দেশে নির্বাচনি কার্যক্রমে নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ফেনী শহর মহিলা বিভাগ। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের ট্রাংক রোড হয়ে বড় মসজিদ মোড় ঘুরে প্রেসক্লাব হয়ে আবারও শহীদ মিনারের পাদদেশে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ফেনী শহর মহিলা জামায়াতের সভাপতি বিবি আসমা, জেলা কর্ম পরিষদ সদস্য কুসুম আক্তার, শাহীনা আক্তার ও এবি পার্টির মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনি।
বক্তারা বলেন, নির্বাচনি পরিবেশে নারীদের ওপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী