খাগড়াছড়ি শহরে অগ্নিকাণ্ডে বাড়িমালিকসহ দগ্ধ ৩
খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন আহত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় লোকজন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সাভিস জানায়, দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সাভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী ও রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিকসহ তিনজন দগ্ধ হয়ে আহত হয়। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড়ির মালিকসহ স্থানীয়রা ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা বলে দাবি করলেও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মকুল কুমার নাথ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লাখ টাকা হবে বলে জানান।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি