মাদক কারবারির হামলায় কলেজছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ৩
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কারবারির হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলামের মৃত্যুর ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—শাকিল বেপারী, সোহাগ বেপারী ও মোক্তার পাটওয়ারী। তারা সবাই রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, নিহত আশরাফুল ইসলাম রায়পুর রুস্তম আলী কলেজের শিক্ষার্থী ছিলেন। গত ১৪ জানুয়ারি রাতে উত্তর চরবংশী গ্রামের পূর্ব ডালি কান্দি বিলে আসামিরা আশরাফুলের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২০ জানুয়ারি) তার মৃত্যু হয়।
কিছুদিন আগে শাহিনসহ তিনজনকে মাদকসহ আটক করেছিল গোয়েন্দা পুলিশ। আসামিদের সন্দেহ ছিল, আশরাফুলই পুলিশকে তথ্য দিয়ে তাদের ধরিয়ে দিয়েছেন। জামিনে মুক্ত হয়েই তারা ক্ষিপ্ত হয়ে আশরাফুলের ওপর এই বর্বরোচিত হামলা চালায়। ঘটনার পর ১৬ জানুয়ারি নিহতের বাবা আজিজুল হক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৬ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে সরাসরি জড়িত। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর