মেঘনায় জেলের জালে ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
ভোলার দৌলতখানের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশালাকৃতির কচ্ছপ। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকায় বিরল প্রজাতির এই কচ্ছপটি নিয়ে আসা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। পরে সেটিকে পুনরায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
জেলে শাকিল মাঝি জানান, প্রতিদিনের মতো আজ শুক্রবার সকালে চারজন মাঝিমাল্লা নিয়ে তিনি নদীতে মাছ ধরতে যান। জাল টেনে তোলার সময় বড় কোনো মাছ ভেবে তারা আনন্দিত হলেও পরে দেখতে পান একটি বিশাল আকৃতির কচ্ছপ জালে পেঁচিয়ে আছে। তীরে নিয়ে আসার পর উৎসুক মানুষ প্রাণীটিকে দেখতে ভিড় জমান। স্থানীয় জেলেরা জানান, এর আগে এত বড় কচ্ছপ এই এলাকায় তাদের জালে ধরা পড়েনি।
উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই জাতীয় কচ্ছপ সাধারণত সাগর মোহনায় থাকে। জেলেরা যখন সাগর মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে, তখন অনেক সময় এগুলো আটকা পড়ে। কোনো জেলের জালে এমন কচ্ছপ ধরা পড়লে তা দ্রুত সুস্থ অবস্থায় নদী বা সাগরে অবমুক্ত করার জন্য আমাদের নির্দেশ রয়েছে।

আফজাল হোসেন, ভোলা