স্থাপনের দিনেই ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ভাঙচুর
মাগুরা সদর উপজেলার ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের রাস্তা ও খেলার মাঠ পর্যবেক্ষণের জন্য দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
বিদ্যালয়ের নৈশপ্রহরী আফজাল হোসেন জানান, স্থাপনকৃত ক্যামেরাগুলো অজ্ঞাতনামা এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে ভেঙে ফেলে। সিসিটিভি ফুটেজে ঘটনার দৃশ্য ধরা পড়লেও পর্যাপ্ত আলোর অভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা বিদ্যালয়ের দুটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা