মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত প্রার্থীর বিলবোর্ড
পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ আংশিকভাবে ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনি বিলবোর্ড স্থাপনের অভিযোগ উঠেছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা বাইপাস এলাকায় পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) জামায়াত প্রার্থী মাওলানা আলী আছগারের এই প্রচার বিলবোর্ডটি স্থাপন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ভাস্কর্যের ঠিক সামনে বাঁশ ও পাটাতন দিয়ে একটি বড় কাঠামোর ওপর প্রার্থীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিলবোর্ডটি টানানো হয়েছে। এতে ভাস্কর্যটির একটি বড় অংশ আড়াল হয়ে গেছে, যা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা এবং নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয়রা।
মুক্তিযোদ্ধার সন্তান গোলাম মোস্তফা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি শুধু একটি বিলবোর্ড স্থাপন নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। নির্বাচন আসবে-যাবে, কিন্তু মুক্তিযুদ্ধের সম্মান অক্ষুণ্ন রাখতে হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ জানান, বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে আলাপ করবেন।
বিলবোর্ড স্থাপনের ব্যাপারে জামায়াতের চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল হামিদ জানান, এটাতো অল্প কয়েক দিনের ব্যাপার, তারপরেও যেহেতু আপত্তি এসেছে আমরা বিলবোর্ডটি পার্শ্ববর্তী কোন স্থানে স্থাপনের ব্যবস্থা করবো।
এ ব্যাপারে জানতে জামায়াত প্রার্থী মাওলানা আলী আছগারের মুঠোফোনে কল দিলে তার প্রতিনিধি হিসেবে ফোন রিসিভ করে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হুরাইরা হৃদয় বলেন, বিষয়টি একটা মিসটেক। রাতের অন্ধকারে দেখা যায় নাই তাই ভাস্কর্য ঢেকে গেছে। দ্বায়িত্বশীলরা ওটা (বিলবোর্ড) সরিয়ে নেবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। সরকারি স্থাপনা বা ভাস্কর্য ঢেকে প্রচার চালানো আচরণবিধি লঙ্ঘন। দ্রুত বিলবোর্ডটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)