জনগণের সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি : জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লাসহ সারা দেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছে। আমরা জনগণের সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল ১৯৯৪ সালে। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। সরকারের উদ্দেশে বলছি, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুন। পাশের কোনো জেলার যদি দাবি থাকে, তাদেরও দিয়ে দেন। কুমিল্লা বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু করে দ্রুত বাস্তবায়ন করুন।
শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনের আগে সরকার অনেকগুলো কথা দিয়েছিল। তারা সেগুলো রাখেনি, প্রতারণা করেছে। কুমিল্লায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি এখনো রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সেদিকে খেয়াল নেই।
জামায়াত আমির বলেন, দেশ মাদকে ভরে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলা ও বাড়ির মাদকের চালান বন্ধ করতে পারছে না। আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে বাঁচান, দেশকে বাঁচান।
জামায়াত আমির আরও বলেন, আমরা আশাবাদী জনতার বিজয় হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব দাবি আদায় করব ইনশাআল্লাহ। জনতা আমাদের সঙ্গে আছে, আমরা গন্তব্যে পৌঁছবো।
বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, লংমার্চে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ তাদের অনুভূতি ব্যক্ত করছে। সরকার ১৮০ দিনে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি।
নাহিদ ইসলাম বলেন, সরকারের মন্ত্রীদের সন্তানরা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত। তারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আমরা ঢাকায় লংমার্চের ডাক দেব।
এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশ চাঁদাবাজি, খুন রাহাজানিতে ভরে গিয়ে জাহান্নামে পরিণত হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের রায়কে উপেক্ষা করলে জনগণ সরকারকে প্রত্যাখান করবে। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে জনগণ।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের ঢাকা মহনগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক