সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন বলেছেন, আমরা রাজপথে নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের জন্য। এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।
আজ শনিবার (৫ মার্চ) ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আমরা জনগণের সঙ্গে আছি, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়বো। আমরা সফল হবো। আজকের লংমার্চ শেষ নয়, এটা শুরু।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা আবদুল জাব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক