কুমিল্লায় নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে বিএনপিনেতার মৃত্যু
কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনি মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক বিএনপিনেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজি জসীম উদ্দিনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনি মিছিলে অংশ নিয়ে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। মারা যাওয়া এই নেতার নাম মো. মমিন মিয়া। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।
মো. মনির হোসেন জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী হাজি জসীম উদ্দিনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মমিন মিয়া।
মিছিল চলাকালে হঠাৎ মমিন মিয়া অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মমিন মিয়ার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যেও গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা