মেঘনায় ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল বাঘাইড়
চাঁদপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া বিশালাকৃতির একটি বিরল প্রজাতির বাঘাইড় মাছ ৩৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের ‘ইলিশ আপডেট’ নামক আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, ২০ কেজি ৬০০ গ্রাম ওজনের এই মাছটি মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে। বর্তমানে নদীতে এত বড় আকৃতির বাঘাইড় পাওয়া অত্যন্ত বিরল। বিশালাকৃতির এই মাছটি ঘাটে নিয়ে আসার পর স্থানীয় জেলে ও উৎসুক মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও কৌতুহল দেখা যায়।
ইলিশ আপডেট আড়তের ব্যবসায়ী আব্দুল কাবির জানান, জেলেরা মাছটি আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামের ডাক দেওয়া হয়। নিলামে মাছটির প্রতি কেজির দাম হাঁকা হয় ১ হাজার ৯০০ টাকা। সেই হিসেবে মাছটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৩৯ হাজার ১৪০ টাকা। ঢাকার এক ক্রেতা মাছটি ক্রয় করেন। চাঁদপুর মাছঘাটে মাঝেমধ্যে বড় মাছ এলেও এত চড়া দামে মাছ বিক্রির ঘটনা সচরাচর দেখা যায় না।

শরীফুল ইসলাম, চাঁদপুর