১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ : ডা. তাহের
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের ভোটে আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই জোটে রয়েছে দেশের একমাত্র জীবিত বীরবিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ এবং জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ছাত্র প্রতিনিধিরা।
আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় ডা. তাহের প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।
ডা. তাহের বলেন, আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করব না। সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। আগামী নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আগামীর বাংলাদেশ সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে। আগামী নির্বাচনে আমাদের তরুণ প্রজন্মে জন্য একটি সুখি সমৃদ্ধিশালী সমাজ উপহার দেওয়ার জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করতে হবে। আমরা নারীদের কখনোই পিছিয়ে দেখি না। তারাও পুরুষের মতোই সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। নারী অধিকারের ব্যাপারে আমরা অধিক সোচ্চার আছি।
ডা. তাহের আরও বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং জাতীয়ভাবে। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভূখন্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল, তারা ভারতের সঙ্গে বশ্যতার স্বীকার করে এ দেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকরা জীবন ও রক্ত দিয়ে সে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। গড়েছি নতুন বাংলাদেশ।
ডা. তাহের আরও বলেন, ২০০১-০৬ সালে ক্ষমতা থাকাকালীন সময়ে আমি কোনো ধরনের দুর্নীতি করিনি। কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে ১৮ মাস জেলহাজতে রাখে। বিভিন্ন উপায়ে তদন্ত শেষে তারা আমাকে দুর্নীতিমুক্ত ব্যক্তি হিসেবে সার্টিফিকেট দিতে বাধ্য হয়।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম প্রমুখ।
সভায় বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মো. রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, মুন্সীরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, ভিপি জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ, ছোয়াব মেম্বার প্রমুখ।

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)