তারুণ্যের আলোয় বদলে যাওয়া ওয়াহেদপুর
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামটি আজ দেশের তরুণ সমাজের ইতিবাচক পরিবর্তনের এক উজ্জ্বল আলোকবর্তিকা।
‘আমাদের গ্রাম, আমাদের দায়িত্ব’ এই স্লোগানকে বুকে ধারণ করে শতাধিক স্বেচ্ছাসেবী মিলে গ্রামটিকে একটি আধুনিক ও আদর্শ জনপদে রূপান্তর করে চলেছেন। ২০২৫ সালের মার্চে বিশিষ্ট সমাজসেবক ইফতেখার আহমেদ মাসুদের উদ্যোগে ও স্থানীয় তরুণদের অংশগ্রহণে যাত্রা শুরু করা এই অরাজনৈতিক সংগঠনের একমাত্র লক্ষ্য মানুষের সেবা করা এবং জনপদটিকে সুন্দরভাবে গড়ে তোলা।
একটি গ্রামকে স্বাবলম্বী ও সুন্দর করতে কেবল রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, বরং মানুষের প্রতি মানুষের নিখাদ দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। এই উপলব্ধি থেকেই টিম ওয়াহেদপুর গ্রামের প্রতিটি মানুষের সুখে-দুঃখে আস্থার প্রতীক হয়ে উঠেছে। আর্থিক অসচ্ছলতার কারণে বহু মানুষের পক্ষে নিরাপদ ঘর নির্মাণ বা সুপেয় পানির ব্যবস্থা করা অসম্ভব হয়ে পড়েছিল। এই মৌলিক সংকট দূর করতে সংগঠনের উদ্যোগে ইতোমধ্যে এবাদুল্লাহর বাড়ির মোহাম্মদ মামুন, ওয়ারিশের বাড়ির মোহাম্মদ জুলহাস এবং দিঘির দক্ষিণ পাড়ের মোহাম্মদ মামুন সরকারসহ বেশ কিছু অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ ও বহু ঘর সংস্কার করে বাসযোগ্য করা হয়েছে। পাশাপাশি, বিশুদ্ধ পানির সংকট দূর করতে গ্রামে ২০টিরও বেশি গভীর টিউবওয়েল স্থাপন করা হয়েছে এবং পানি নিষ্কাশনের দুর্ভোগ কমাতে নতুন ড্রেন লাইন নির্মাণ করা হয়েছে, যা জলাবদ্ধতা নিরসনে দারুণ ভূমিকা রাখছে।
শিক্ষার আলোয় একটি প্রজন্মকে আলোকিত করতেও অগ্রণী ভূমিকা পালন করছে এই তরুণেরা। ‘ওয়াহেদপুর ইসলামীয়া আলিম মাদ্রাসা’র এবতেদায়ী শাখা পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার মাধ্যমে প্রায় তিনশত শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ নিশ্চিত করা হয়েছে, যেখানে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা থেকে শুরু করে যাবতীয় ব্যয় বহন করছে সংগঠনটি। পাশাপাশি, অর্থাভাবে যাতে কোনো গরিব ও মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সেজন্য নিয়মিত শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। গ্রামীণ জনপদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে রাতের অন্ধকার দূর করার জন্য গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ৫০টি সোলার লাইট স্থাপন এবং যাতায়াত সহজ করতে অনেক রাস্তাঘাট সংস্কার করা হয়েছে।
শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, মানুষের চরম সংকটেও পরম বন্ধু হয়ে পাশে দাঁড়াচ্ছে টিম ওয়াহেদপুর। অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসায় আর্থিক সহযোগিতা, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছাসেবীদের নিয়মিত রক্তদান এবং অসচ্ছল পরিবারের মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে নিয়মিত। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে প্রতিষ্ঠিত হয়েছে ‘ওয়াহেদপুর নূরনাহার পাঠাগার’ এবং ‘টিম ওয়াহেদপুর ফুটবল একাডেমি’। এছাড়া তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
টিম ওয়াহেদপুরের মানবিকতার পরিধি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত। গ্রামের কেউ মারা গেলে দাফনকাজ ও কবর খননে সরাসরি অংশ নেন স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি, নিয়মিত কবর ও মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযানও চালিয়ে যাচ্ছেন তাঁরা।
সংগঠনের সক্রিয় সদস্য কাজী খোরশেদ আলম ও নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হওয়া মোহাম্মদ মামুনের কণ্ঠেও ঝরে পড়ে কৃতজ্ঞতা ও ভালোবাসার সুর।
এ অঞ্চলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এই সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে নারী শিক্ষা ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এই উদ্যোগকে সমাজের ইতিবাচক পরিবর্তনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ মাসুদের সুদৃঢ় নেতৃত্বে তরুণদের এই সম্মিলিত ও নিবেদিতপ্রাণ প্রচেষ্টা খুব দ্রুতই ওয়াহেদপুরকে দেশের অন্যতম একটি আদর্শ ‘মডেল গ্রাম’ হিসেবে পরিচিতি এনে দেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)