ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি
জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেছেন, অনেকদিন পরে দেশে এসেছি। বাইরে থাকতে যা শুনেছি এসে দেখছি ভিন্ন কিছু। রাজনীতিতে বিরোধীদলের সমালোচনা স্বাভাবিক চর্চা, এবার সে চর্চা বদলাতে হবে। সংকট সমাধানে কথা বলতে হবে, কাজ করতে হবে।
তারেক রহমান আরও বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঢাকা শহরের বাসিন্দারাও এখন খাল খননের প্রয়োজনীয়তা বোধ করছেন৷ কারণ একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।
বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে সারা দেশে ২০ হাজার কিলোমিটারের মতো খাল খনন করার পরিকল্পনা রয়েছে বিএনপির।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ঢাকার সবুজায়ন কমেছে। ১৭ বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে সবুজ কমে গেছে আগের তুলনায়। মনে হয়েছে ঢাকার সবকিছু শুকনো হয়ে গেছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করতে চাই আমরা।
তারেক রহমান বলেন, প্রত্যেক উপজেলায় সরকারি-বেসরকারি নার্সারি সক্ষমতা বাড়িয়ে সে লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে। দেশব্যাপী পরিবেশকে সহায়তা করবে এমনভাবে বনায়নের পরিকল্পনা চলছে।
তারেক রহমান আরও বলেন, পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা সমাধান অনেকটাই সম্ভব। মেট্রোরেল অনেক খরুচে, তার জায়গায় মনোরেল ব্যবস্থা চালু করা যায়। বনানী, মোহাম্মদপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব।
বিএনপির এই শীর্ষনেতা বলেন, ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসতে চাই আমরা। অন্যান্য বিভিন্ন পেশার জন্য যেভাবে প্রস্তুত করা হয়, তেমনিভাবে পেশাদার ফুটবলার হবে। সেজন্য শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করতে চাই আমরা। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার ওপরে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি তৃতীয় আরও একটি ভাষা শিক্ষার ওপরে নজর দেওয়া হবে।
বাধ্যতামূলক যে কোনো একটি খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে প্রতিটি শিক্ষার্থীকে, এমন পরিকল্পনা আছে বিএনপির। একই পরিকল্পনা থাকবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও। যা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হবে বলে জানান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক