ইউএনওকে শাসানো সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে প্রকাশ্যে শাসানোর ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সিনিয়র সহকারী সচিব মো. মোতাছিম বিল্লাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার বিকেলে লেঙ্গুরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউএনও মাসুদুর রহমানের সঙ্গে ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ইউএনওকে প্রকাশ্যে শাসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।
প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের ভাই মো. পারভেজসহ কয়েকজন ব্যক্তি সরকারি জমি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং পারভেজকে অর্থদণ্ড প্রদান করা হয়।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণের অপরাধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে চেয়ারম্যানের এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এ ঘটনার ভিডিও ও প্রমাণ সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আরিফুল রহমান সরদার বলেন, ঘটনার ভিডিও ও প্রমাণাদি যাচাই-বাছাই করে ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা