জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
নেত্রকোনায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর-বারহাট্টা আসনে বিএনপির মনোনীত প্রার্থীর অফিসে তারা এই যোগদান করেন।
নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হক।
ডা. আনোয়ারুল হক বলেন, তারেক রহমান বলেছেন, আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন, আপনাদের স্বাগত জানাই। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তারেক রহমানের নেতৃত্বে ২৪-এর আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। ৭১-এর চেতনাকে আমরা বুকে ধারণ করি। ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা আমরা আরও এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।
জাতীয় পার্টি থেকে উল্লেখযোগ্য যোগদানকারীরা হলেন–পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহসভাপতি শাজাহান মিয়া, দপ্তর সম্পাদক জুলহাস মিয়া প্রমুখ।
বিএনপিতে যোগদানকারী জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, ডা. আনোয়ারুল হকের পক্ষে আমরা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। আশা করছি, আগামীতে বিএনপির সহযোগিতায় আমরা এ দেশকে এগিয়ে নিয়ে নিতে পারব।
এ সময় আরও উপস্থিত ছিলেন–জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সতেন্দ্র পাল প্রমুখ।

ভজন দাস, নেত্রকোনা