মাটি খুঁড়তেই বেরিয়ে এলো দুটি গ্রেনেড
ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়িতে মাটি কাটার সময় এই গ্রেনেড দুটি পাওয়া যায়।
নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচে গোলাকার ধাতব বস্তু দুটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটিকে হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে এবং নিরাপত্তাজনিত কারণে পরবর্তীতে যৌথ বাহিনীকে অবগত করে। পরে যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।
বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকালে শ্রমিকরা যখন বাড়ি নির্মাণের ভিত্তি তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন, তখন হঠাৎ এই ধাতব বস্তু দুটি বেরিয়ে আসে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, গ্রেনেড দুটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়েছিল। বর্তমানে গ্রেনেড দুটি সদর থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় গ্রেনেড দুটি পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে বলেও জানান তিনি।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)