নারায়ণগঞ্জে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৬ জনের
নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৫৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৬ জনের প্রার্থিতা বৈধ, ১৬ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এ ছাড়া চারজনের প্রার্থিতা স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির।
আজ শনিবার (৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এ তথ্য জানানো হয়।
নারায়ণগঞ্জ-১ আসনে মোট প্রার্থী আটজনের মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ-২ আসনে মোট ১০ জনের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বৈধ এবং চারজনের অবৈধ ও তিনজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনে ৯ জনের মনয়নপত্র বৈধ, বাতিল হয়েছে পাঁচজনের এবং স্থগিত হয়েছে একজনের। নারায়ণগঞ্জ-৫ আসনে আটজনের মনোনয়নপত্র বৈধ এবং অবৈধ ঘোষণা করা হয়েছে চারজনের।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন এবং ইলেক্টোরাল কমিটির পাঁচজন ম্যাজিস্ট্রেট কাজ করছে। আশা করি সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে ১২ ফেব্রুয়ারিতে একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ