‘কল্যাণ আপনারই হাতে’, আল্লাহর দরবারে তারেক রহমানের শুকরিয়া
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে প্রিয় জন্মভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লাখ লাখ জনতার ভালোবাসায় সিক্ত হয়ে গণঅভ্যর্থনা মঞ্চের দিকে যাওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ শুকরিয়া জানান।
আরও পড়ুন : ‘দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন’
তারেক রহমান লেখেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।’
ওই ফেসবুক পোস্টে তারেক রহমান তাকে গণঅভ্যর্থনা জানাতে জড়ো হওয়া নেতাকর্মীদের ভিডিও পোস্ট করেন। পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট সড়ক) সংলগ্ন বিশাল মঞ্চে গণঅভ্যর্থনার আয়োজন করেছে বিএনপি।
এর আগে আরেকটি সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছিলেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!। ’
আরও পড়ুন : তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব
এর আগে আজ সকাল ১০টার দিকে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এসে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিমানটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান গণঅভ্যর্থনা স্থলের দিকে রওনা দিলেও ডা. জুবাইদা ও জাইমা রহমান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১টার আগেই গুলশানের বাসায় পৌঁছান।

এনটিভি অনলাইন ডেস্ক