কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর কাছে কাভার্ড ভ্যানের চাপায় দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত পুলিশ পরিদর্শক (এসআই, নিরস্ত্র) মোজাহারুল ইসলাম (৪০) ও এএসআই কাছের উদ্দিন (৪০) পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে করে তারা কুষ্টিয়ার দিকে আসছিলেন। লালন শাহ সেতু পার হয়ে ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মৃতদেহ দুটি উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।
পাবনার ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, নিহত দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ভেড়ামারা থেকে ঈশ্বরদী থানায় নিয়ে যাওয়া হয়। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম রংপুরের পীরগাছা থানার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে ও এএসআই কাছের উদ্দিন রাজশাহীর তানোর থানার রাতৈল গ্রামের কছিমদ্দিনের ছেলে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া