লেদ কারখানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ৪
খুলনার জোড়াগেট বিদ্যুৎ সাব-স্টেশনের পাশে লোকচক্ষুর আড়ালে একটি লেদ কারখানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে খুলনা গোয়েন্দা পুলিশ (ডিবি)। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি (দক্ষিণ) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে গোয়েন্দা পুলিশ এই লেদ কারখানাটি ঘিরে ফেলে। পরে সেখান থেকে ওয়ান শুটার গান এবং দেশি পিস্তল তৈরির যন্ত্রাংশসহ ৩০ পিস অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে প্রথমে পিকলো, শহিদুল ও আকবারকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নজরুল নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। আটকরা প্রাথমিকভাবে অস্ত্র তৈরি এবং কেনা-বেচার কথা স্বীকার করেছে।
কেএমপি ডিসি (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, উদ্ধার করা লেদ মেশিন ও সরঞ্জাম ব্যবহার করে জলদস্যুদের জন্য অস্ত্র তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, জব্দ করা সরঞ্জাম দিয়ে কমপক্ষে ৩০টি আগ্নেয়াস্ত্র তৈরি করা সম্ভব।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা