ইউএনও’র দায়িত্ব নিলেন লাক্স সুন্দরী সোহানিয়া
সকল জল্পনা-কল্পনা শেষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে তিনি কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেন। এ সময় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
তিনি ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেন এবং সেখানে তিনি সেরা দশের তালিকায় নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগের দায়িত্বে ছিলেন।
ইউএনও সোহানিয়া টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং এইচএসসিতে কুমুদিনী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। পরে ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন এই লাক্স সুন্দরী। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তিনি ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন।
প্রসঙ্গত, কয়েকদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। এতে তাকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। কিন্তু তিনি সঠিক সময়ে যোগদান না করায় এ নিয়ে উপজেলার মানুষের মাঝে ধূম্রজাল সৃষ্টি হয়। অবশেষে তিনি আজকে তার কার্যালয়ে যোগদান করেছেন।

শাকিল ইসলাম, নীলফামারী (জলঢাকা-কিশোরগঞ্জ)