ময়মনসিংহে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ময়মনসিংহ নগরীর টাউন হলে দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : এনটিভি
ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নতুন বাজারের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ নগরীর টাউন হলে দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, আবু ওয়াহাব আকন্দ, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম ও শেখ আমজাদ আলী, স্বেচ্ছাসেবদলের আহ্বায়ক শহিদুল আমীন খসরু প্রমুখ।

আইয়ুব আলী, ময়মনসিংহ