ওয়াইব্রিজে মোটরসাইকেল–রিকশার সংঘর্ষে সৌদি প্রবাসীর মৃত্যু
কুমিল্লার হোমনা উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিশাদ (২৬) নামের এক সৌদি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় তাঁর বন্ধু ইফাত (১৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ওয়াইব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নিশাদ (২৬) রামকৃষ্ণপুর বাঁশগাড়ি গ্রামের মমিন মেম্বারের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। আহত ইফাত (১৫) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঝুনারচর গ্রামের মো. জিলানীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে বন্ধু ইফাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ওয়াইব্রিজ এলাকায় ঘুরতে বের হয়েছিলেন নিশাদ। ব্রিজের ওপর উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিশাদ গুরুতর আহত হন—তার মাথা ফেটে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ইফাতের মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শহীদুল্লাহ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

মাহফুজ নান্টু, কুমিল্লা