প্রধানমন্ত্রী রাতে সৌদি আরব থেকে দেশের উদ্দেশে রওনা হবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন ইসলামে অংশগ্রহণ এবং ওমরাহ পালন শেষে আজ মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে দেশের উদ্দেশে রওনা হবেন। তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি আগামীকাল বুধবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে ৫ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং মদিনার মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)—এর রওজা মোবারক জিয়ারত করেন এবং আসরের নামাজের পর সেখানে ফাতেহা পাঠ করেন। এরপর মদীনা থেকে মক্কায় পৌঁছান তিনি।
পরে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদুল হারামে (কাবা শরীফ) পবিত্র ওমরাহ পালন করেন। গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদান করে ভাষণ দেন।
সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেন।
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)