সিরাজগঞ্জে হাসপাতালের পুকুরপাড়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচিতে রুবেল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী বেলকুচি পৌর এলাকার চালা সাত মাথা গ্রামের লোকমান হোসেন ওরফে টিন লোকমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন রুবেল। শনিবার (১৫ জুলাই) রাতেও পুকুর পাড়ে বসে ছিলেন রুবেল হোসেন। এ সময় দুর্বৃত্তরা রুবেলের ওপর হামলা করে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে পুকুর পাড়ে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা রুবেলকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে নিয়ে যায়। তাঁর অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মরিয়ম খাতুন জানান, রাতে অপরিচিত এক ছেলে আমার কাছে এসে ব্যান্ডেজের গজ চায়। আমি তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন সে আমাকে বলে কারা যেন রুবেলকে কুপিয়ে ফেলে রেখে গেছে। এই কথা শোনার পর আমার সহকর্মীকে সাথে নিয়ে এগিয়ে গিয়ে দেখি রুবেল মারাত্মক জখম হয়ে পুকুর পাড়ে পড়ে আছে। তার অবস্থার অবনতি দেখে তাকে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে দুর্বৃত্তের হাতে রুবেল হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি আমরা ক্ষতিয়ে দেখছি।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ