সূত্রাপুরে চাচাতো ভাইয়ের হাতে খুন
জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীর সূত্রাপুরে চাচাতো ভাইয়ের হাতে এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম মনির হোসেন শাহিদ। আর যাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ তিনি শাহিদের চাচাতো ভাই ওয়াহিদ হোসেন বাদ্দু। তিনি শাহিদের ভগ্নিপতিও।
সূত্রাপূরের জাস্টিস লালমোহন দাস লেনে পাশাপাশি বাড়িতে থাকতেন শাহিদ ও বাদ্দুর পরিবার। স্বজনরা জানায়, দুই কাঠা জমি নিয়ে নিহত শাহিদ ও বাদ্দুর মধ্যে বিরোধ ছিল। এ কারণে খুনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।
নিহত মনির হোসেন শাহিদের ফুফাতো ভাই সারওয়ার হোসেন ইসমাইল এনটিভিকে বলেন, ‘জায়গাজমি নিয়ে তাঁদের মধ্যে রেষারেষি ছিল।’ urgentPhoto
নিহত শাহিদের আরেক ফুফাতো ভাই মোহাম্মদ আলী বলেন, ‘শেখ ওয়াহিদ হোসেন তারে দেখছি আমি, চাক্কু তাঁর হাতে আছে। ... দেইখা আমারে ই করতে গেছে, আর আমি দৌড়।’
স্বজনরা জানান, নিহত শাহিদের বাবা দ্বিতীয় পক্ষের স্ত্রী নিয়ে পাকিস্তানে থাকেন। অভিযুক্ত বাদ্দুর স্ত্রী মেরি তাঁর সৎবোন। স্বজনরা আরো জানায়, বাদ্দু আওয়ামী প্রজন্ম লীগের রাজনীতির সাথে জড়িত।
ঘটনার পর সূত্রাপুর থানা পুলিশ ও ওয়ারী জোনের এসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তাঁরা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিজস্ব প্রতিবেদক