রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
রাজবাড়ীতে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. ওয়াহিদুজ্জামান (৬০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত ওয়াহিদুজ্জামান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই (নিরস্ত্র) মো. সাহাবুদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তার ওয়াহিদুজ্জামানের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সিংগারডাক গ্রামে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর তালতলা এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী